
মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাঞ্ছারামপুরে ঈদের আনন্দ ভাগাভাগি,বেদেবহরসহ ৪০০ পরিবারের মাঝে মাংস বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি–এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদের আগের দিন এই কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধর্মীয় সম্প্রীতির বিষয়টি গুরুত্ব দিয়ে মুসলিম পরিবারগুলোর মাঝে গরুর মাংস এবং হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর মাঝে খাসির মাংস বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক কেজি করে মাংস দেওয়া হয়েছে।

এ সময় উপজেলার বিভিন্ন আশ্রয়ন কেন্দ্র ও বেদে পল্লীতেও মাংস পৌঁছে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারগুলো। তারা জানান, এমন উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply